জবিতে এআই-আইটি ফেস্টে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ‘পুবালী ব্যাংক পিএলসি প্রেজেন্টস জগন্নাথ ইউনিভার্সিটি এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’।
রোববার (৩০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় ও ৪০টি টেক ক্লাবের হাজারো শিক্ষার্থী অংশ নেন।
তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও নতুন ধারণা তুলে ধরার সুযোগ দিতে উৎসবটির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি। প্রতিযোগীদের উদ্ভাবনী দক্ষতাকে উৎসাহিত করতে আয়োজনে মোট ১১ লাখ টাকার বেশি প্রাইজমানি দেওয়া হয়।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তায় অনেক এগিয়ে। এ ধরনের আইটি ফেস্ট শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের এখন থেকেই এআই ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে। প্রজেক্ট শোকেসিং ও অলিম্পিয়াডের মতো আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে।
আয়োজন কমিটির সদস্য ও জবি আইটি সোসাইটির সাধারণ সম্পাদক বায়েজিদ সরকার জানান, ফেস্টে এআই, রোবোটিক্স, প্রজেক্ট শোকেসিং ও অলিম্পিয়াডের পাশাপাশি টেককেয়ার জোন, ইন্ডাস্ট্রি টক ও লাইভ পিচের আয়োজন ছিল।
অনুষ্ঠানের পিআর অ্যান্ড মিডিয়া ব্র্যান্ডিং প্রধান রাকিবুল ইসলাম বলেন, প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। টেক আনকাট সেশন, ব্রেন চাইল্ড, এআই অ্যাডভেঞ্চার, এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড ও রোবো সকারের মতো প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের বাস্তব দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন।
দিনব্যাপী আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), পুবালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। টেক আনকাট সেশনে ড. জুনাইদ কাজী, সাজিব আহমেদ, নাবিলা খালিদ, এম মঞ্জুর মাহমুদ ও অনন্যা জামান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।