এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলে অন্তর্ভুক্তিসহ ১০ দফা দাবি ঘোষণা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তি ও চাকরি জাতীয়করণসহ ১০ দফা দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী চাকরি জাতীয়করণ জোট ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম।
বুধবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ প্রচলিত নিয়ম ও বিধি অনুযায়ী পরিশোধ, বৈষম্য দূর করতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং দ্রুত বদলির ব্যবস্থা করা।
এ ছাড়া শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়া, শিক্ষক নিয়োগে এনটিআরসিএর পরিবর্তে পিএসসি-২ ব্যবস্থা চালু, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা এবং প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা চাকরির বয়সসীমা ৬৫ বছর করার দাবিও জানিয়েছেন। পাশাপাশি নৈশপ্রহরীদের প্রচলিত নিয়মে ছুটি এবং প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় নৈশপ্রহরী নিয়োগের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের পর শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। সেখানে বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।