আখেরি চাহার সোম্বা কী, কেন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৫ এএম
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এ ছুটির আওতায় রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে।
তবে এ উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। দিনটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিশ দিয়ে ছুটি ঘোষণা করেছে।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবার ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে।
আখেরি চাহার সোম্বা কী
‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।
মুসলিম সমাজে দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়।
ধর্মীয় তাৎপর্য
প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) অসুস্থ থাকার সময় তাঁর সাময়িক সুস্থতার সংবাদে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। বর্ণনা অনুযায়ী, দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার।
মহানবী (সা.)-এর সুস্থতার স্মরণে পরবর্তী সময়ে মুসলিম সমাজে দিনটি বিশেষভাবে পালনের রীতি চালু হয়।
অনেক মুসলিম এ দিন শুকরিয়া আদায়ের দিন হিসেবে পালন করেন। এ উপলক্ষে গোসল, দুই রাকাত নফল নামাজ, দোয়া ও দান-খয়রাতসহ বিভিন্ন ইবাদত করা হয়।
দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ উপলক্ষে আলোচনা, মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।
তবে আখেরি চাহার সোম্বা পালনের বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তাই ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।