EN ☀️
×

Follow Us

শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
অ অ

উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং একাডেমিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সোমবার রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক সই হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার এতে সই করেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান বাড়াতে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। এর জন্য মানসম্মত গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।

ড. এ এস এম আমানুল্লাহ আরও বলেন, যৌথ গবেষণা, একাডেমিক আদান-প্রদান ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা হবে। একই সঙ্গে নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায়ও এ সহযোগিতা ভূমিকা রাখবে। দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় দেশে ও আন্তর্জাতিক পরিসরে অর্থবহ অংশীদারত্বে বিশ্বাস করে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু জ্ঞান সৃষ্টি বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজ ও জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করাও এর দায়িত্ব।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা স্মারক বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, উভয় প্রতিষ্ঠানই মানসম্মত শিক্ষার সুযোগ ও এর প্রভাব আরও বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃতি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে একত্র করা হবে। এর মাধ্যমে জ্ঞানকে প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে নিয়ে যাওয়া এবং সারা দেশে অর্থবহ পরিবর্তনে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা পরিচালনা করবে। পাশাপাশি শিক্ষা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় করা হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনেও দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। এ ছাড়া জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের পরিচালক অধ্যাপক ড. মালয় কান্তি মৃধা, লার্নিং অ্যান্ড টিচিং ইনোভেশন সেন্টারের (এলটিআইসি) পরিচালক অধ্যাপক মো. গোলাম সামদানি ফকির এবং ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. এরুম মারিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন