এসএসসি-২০২৬
আকানগর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের সাফল্যে আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী
আবু বকর সিদ্দিক, বাঞ্ছারামপুর
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম
আকানগর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়। ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী আকানগর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ভালো ফলাফল করায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের পাসের হার ৮০ শতাংশ। এছাড়া ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয়ের এমন সাফল্যে আকানগর, জয়নগর, ইমামনগর ও জয়কালীপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, এ ফলাফল বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আমির হোসেন বলেন, “আমরা এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীলতার ফলেই আমাদের বিদ্যালয় এ ভালো ফলাফল অর্জন করতে পেরেছে। আমরা বিশ্বাস করি, সবাই ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে একদিন আমাদের বিদ্যালয় আরও ভালো অবস্থানে পৌঁছাবে এবং সুনাম অর্জন করবে।“
স্থানীয়রা জানান, আশপাশের অনেক বিদ্যালয়ের তুলনায় আকানগর এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের এবারের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এ সাফল্য শিক্ষার্থী ও শিক্ষকদের আগামী দিনের পথচলায় আরও উৎসাহিত করবে বলে তারা মনে করছেন।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে বিদ্যালয়টি আরও ভালো ফলাফল অর্জন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।