EN ☀️
×

Follow Us

শিক্ষা

জুলাই অভ্যুত্থান ছিল সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

জুলাই অভ্যুত্থান ছিল সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য
অ অ

জুলাই গণঅভ্যুত্থান ছিল সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ের আন্দোলন বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। তিনি বলেন, এ আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য ও সমতার চেতনা। সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছিল। আত্মত্যাগ, সাহস ও ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মোচিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশ যখনই সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, তখনই শিক্ষার্থীরা দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রেখেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলনে শিক্ষার্থীরাই অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছে। অন্যায় যে ব্যক্তি, দল বা মতের পক্ষ থেকেই আসুক, শিক্ষার্থীরা তা কখনো মেনে নেয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন কখনো ব্যর্থ হয় না।

ড. মোক্তার আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ধারণ করে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে বৈষম্য থাকবে না। সবার সমান অধিকার নিশ্চিত হবে, প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার এবং সমুন্নত থাকবে মানবাধিকার। 

এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রুবেল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান। আরও বক্তব্য দেন জুলাই শহীদ শেখ রাকিবের পরিবারের সদস্য কেয়া আক্তার, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশিকুচ্ছালেহীন, সহকারী নেটওয়ার্ক অ্যান্ড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বিমলেশ সাহা এবং দুই বিভাগের শিক্ষার্থী তানজীম আলম তাসীন ও তালহা যোবায়ের।

আলোচনা সভা শেষে কেয়া আক্তার, তানজীম আলম তাসীন, আবদুল্লাহ আল রাফি এবং তালহা যোবায়েরের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন