মাভাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন
ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, অর্জিত সাফল্য ধরে রাখতে পারস্পরিক ঐক্য ও সমঝোতা জরুরি। তিনি বলেন, দেশের স্বার্থে সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। এসব পরিবেশনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মুক্তিকামী মানুষের সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারেরও আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।