বেরোবি ক্যাম্পাসে ১৪৪ ধারা, মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
তিনি জানান, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আপাতত মিছিল, সভা ও সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে একাডেমিক কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না।
এর আগে পৃথক কর্মসূচির ঘোষণা দেয় দুই ছাত্রসংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা বিকেল সাড়ে ৫টায় লালবাগ চত্বর থেকে আবু সাঈদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।
অন্যদিকে রংপুর মহানগর ছাত্রদল বিকেল ৪টায় আবু সাঈদ চত্বর পার্ক মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির সদস্য সচিব রবিউল ইসলাম রবি নেতাকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীতে টানানো ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন।