EN ☀️
×

Follow Us

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক ১

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৩০ পিএম

শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক ১
অ অ

সিলেটের গোয়াবাড়ি চা-বাগান এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিবুল্লাহ মেসবাহ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) হোস্টেলের সামনে তিনজন ব্যক্তি তার গতিরোধ করে। পরে তাকে পাশের চা-বাগানের ভেতরে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

হাবিবুল্লাহ মেসবাহ বলেন, টাকা ও মোবাইল নেওয়ার পরও দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তিনি আহত অবস্থায় স্থানীয়দের সহায়তা চাইলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনের মধ্যে একজনকে আটক করে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় মামলা করার বিষয়ে মেসবাহ বলেন, তিনি জালালাবাদ থানায় মামলা করতে আগ্রহী হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বাদী হয়ে মামলা করার পরামর্শ দিয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন