ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা রবিবার
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রবিবার (২ আগস্ট) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা নেওয়া হবে।
একই দিন দুপুর ২টা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীরা অংশ নেবেন।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে (http://admission.duetbd.org) পাওয়া যাবে।