জবি শিক্ষার্থী ও সাংবাদিক ইমন নিখোঁজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম
মুশফিকুর রহমান ইমন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক সময়ের আলোর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুশফিকুর রহমান ইমন নিখোঁজ হয়েছেন।
নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন তাঁর পরিবার, বন্ধু, সহপাঠী ও সহকর্মীরা।
সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (২৬ জুলাই) আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন জনসন রোড এলাকায় ইমনের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
ইমনের নিখোঁজের বিষয়টি জানতে পেরে তাঁর বন্ধু ও রুমমেটরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। বর্তমানে তাঁর বন্ধু ও রুমমেটরা কোতোয়ালি থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।
কেউ মুশফিকুর রহমান ইমনকে কোথাও দেখে থাকলে, তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে কিংবা তাঁর সঙ্গে যোগাযোগ হয়ে থাকলে দ্রুত 01406-492162 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।