শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: একাডেমিক শাস্তির পাশাপাশি ছাত্রদলের দুই নেতার বহিষ্কার
ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৫১ এএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে চার সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শায়খুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ইলিয়াস মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ রহমান ও হাবিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের মেয়াদে তাঁদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ থাকবে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, তৌহিদ রহমানের শাহপরান হলের আবাসিক আসন বাতিল করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে আসনের জন্য আবেদন করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, অভিযুক্ত দুই শিক্ষার্থীকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
এদিকে, একই ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাবিপ্রবি শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক তারেক রহমানকে তাঁদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীরা এক বিবৃতিতে সহপাঠী খাইরুলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।