খুবিতে জলবায়ু-সহনশীল কৃষি নিয়ে আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, খুবি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে জলবায়ু-সহনশীল কৃষি নিয়ে আন্তর্জাতিক ইনসেপশন ওয়ার্কশপ।
রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপকূলীয় বাংলাদেশের জলবায়ু-সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য অভিযোজিত বদ্বীপ ব্যবস্থাপনা (এডিএম-সিআরএএফটি)’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
নেদারল্যান্ডসের রিসার্চ কাউন্সিলের (এনডব্লিউও) অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, এডিএম-সিআরএএফটি প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে একটি কার্যকর ‘লিভিং ল্যাব’ প্রতিষ্ঠিত হবে, যা জলবায়ু-সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লবণাক্ততা। এর ফলে কৃষি উৎপাদন, জীবিকা ও বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বাস্তবতায় প্রকল্পটি সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যাফেয়ার্সবিষয়ক প্রতিনিধি নিল্টিয়ে কিলেন বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ গবেষণা সহযোগিতা আরও শক্তিশালী করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ।
স্বাগত বক্তব্য দেন প্রকল্পের প্রধান গবেষক (প্রিন্সিপাল ইনভেস্টিগেটর) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন সহ-প্রধান গবেষক (কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর) অধ্যাপক ড. কামরুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-প্রধান গবেষক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।
উদ্বোধনী পর্ব শেষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন। পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বদ্বীপ ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
ওয়ার্কশপে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের শিক্ষক-গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কৃষক প্রতিনিধিরা অংশ নেন।