EN ☀️
×

Follow Us

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

শাবিপ্রবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

অ অ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থী খাইরুলকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (১৯ জুলাই) রাতে কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাবিপ্রবি শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক তারেক রহমানকে তাঁদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীরা এক বিবৃতিতে অভিযোগ করেন, সহপাঠী খাইরুলের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এদিকে অভিযুক্তদের একজন তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ঘটনাটি সামাজিক মাধ্যমে একপাক্ষিকভাবে প্রচার করা হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান।

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, হলসংক্রান্ত একটি বিষয় নিয়ে কথোপকথনের জেরে ঘটনার সূত্রপাত হয়। তিনি দাবি করেন, খাইরুল প্রথমে অসৌজন্যমূলক আচরণ করেন এবং পরে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তাঁর সহপাঠী হাসিবও আহত হন এবং তাঁর মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয় বলেও উল্লেখ করেন তিনি।

তবে এসব দাবির সত্যতা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। ঘটনার তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন