এইচএসসি পরীক্ষা
পদার্থ বিজ্ঞানে ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিরা বরখাস্ত: সংসদে শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের জন্য সব পরীক্ষার্থী পাবেন পূর্ণ নম্বর
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ৬ ও ৭ নম্বরে যে ভুল হয়েছে, তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
তিনি আরও বলেন, সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের পাঁচটি জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের বাইরেও ঢাকাসহ কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। প্রতিকূল আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমানে কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নে শিক্ষা বোর্ড নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু এইচএসসি শিক্ষার্থীদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো।