জুলাই আন্দোলনের ঘটনায় বিচার দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ববি প্রশাসনের
ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে একদল ব্যক্তি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, ২০২৪ সালের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে চলমান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, ওই হামলায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। আহতদের কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্দোলনকারীরা অভিযোগ করেন, ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে একদল ব্যক্তি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে প্রক্টর কার্যালয়ে অভিযোগ জমা দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের।
এ ছাড়া আন্দোলনের সময় দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও হামলা ও হয়রানির শিকার হন বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এর আগে ৪ জুলাই আরেক সাংবাদিকের ওপর হামলার অভিযোগও ওঠে।
এদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার একটি ভার্চ্যুয়াল বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ওই বৈঠকে চলমান আন্দোলন নিয়ে আলোচনা এবং সরকারের পক্ষে অবস্থান নেওয়ার বিষয় উঠে আসে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।
হামলায় আহত আইন বিভাগের শিক্ষার্থী এস এম ওহিদুর রহমান বলেন, হামলাকারীদের নাম-পরিচয়সহ তালিকা প্রক্টর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা বলেন, আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগেরও এখনো বিচার হয়নি।
তিনি দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান স্পষ্ট। অভিযোগগুলো তদন্তের মাধ্যমে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, "দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হবে। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার তদন্তে একটি বিচার বিভাগীয় (জুডিশিয়াল) কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।"