রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
খেলার মাঠ বড় করার আশ্বাস ইউএনও’র
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: ডেইলি সান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার মৈকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ ভট্টাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয় বলেন, ‘শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই। বিশেষ করে মায়েরা যদি ছেলেমেয়েদের প্রতি একটু বেশি দায়িত্বশীল হন, তাহলে তারা স্কুলে ভালো লেখাপড়া করে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করে।’ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের ফলাফল ভালো করার লক্ষ্যে অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। সেই সঙ্গে বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ বর্ধিতকরণে দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন ইউএনও।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাকিম মাস্টার, স্কুলের প্রধান শিক্ষক মনিরা বেগম, স্থানীয় সমাজসেবক আলহাজ্ব রফিজ উদ্দিন ভূঁইয়ার, আব্দুল হালিম ভূঁইয়া, হাজী মো. হানিফ ভূঁইয়া, মো. ফিরোজ সরকার, আমির হোসেন, ফিরোজ প্রধান, ফজলুল হক প্রধান, শফি শিকদার, আরিফ হোসেন, আমজাদ হোসেন এবং নাজমুল হাসান।