EN ☀️
×

Follow Us

শিক্ষা

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল, সন্ধানে তৎপর প্রশাসন

ডেইলি সান রিপোর্ট, জবি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩০ পিএম

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল, সন্ধানে তৎপর প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম।

অ অ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবার, সহপাঠী, বন্ধু-বান্ধব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে করণীয় নির্ধারণ এবং অনুসন্ধান কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সভায় জকসুর প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, বিষয়টি জানার পরপরই তিনি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারের আহ্বান জানান।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে শেষবারের মতো কথা বলেন সিরাজুল ইসলাম। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে ০১৭১২-০৭১১১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার বাবা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, সহপাঠী ও পরিবারের সদস্যরা দ্রুত সিরাজুল ইসলামের নিরাপদ প্রত্যাবর্তনের প্রত্যাশা করছেন।

আরও পড়ুন