এসএসসি ও এইচএসসিতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র
২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে এক বছর আগেই প্রকাশ পরীক্ষার সূচি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: ডেইলি সান
এখন থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দেশের সব সাধারণ শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। দীর্ঘদিনের প্রচলিত পৃথক প্রশ্নপত্র পদ্ধতি থেকে সরে এসে জাতীয় পর্যায়ে একীভূত মূল্যায়ন ব্যবস্থা চালুর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আসন্ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর চূড়ান্ত পর্ব উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য সমমানের মূল্যায়ন নিশ্চিত করতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “কোনো বোর্ড তুলনামূলক সহজ প্রশ্ন করে, আবার কোনো বোর্ড কঠিন প্রশ্ন করে। একই দেশের এসএসসি বা এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে হওয়া উচিত নয়।”
এ সময় তিনি আন্তর্জাতিক বিভিন্ন পরীক্ষাব্যবস্থার উদাহরণ তুলে ধরে বলেন, বিশ্বের অনেক দেশেই ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষাসহ জাতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
সেশনজট কমিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয় সিলেবাস শেষ হওয়ার পরপরই পাবলিক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং একই বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।