শিবিরের ধর্ষণ ও গুম নাটকের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
এসময় নেতাকর্মীরা ‘শিবিরের মূলনীতি, ভণ্ডামি আর মুনাফেকি’, ‘ধর্ষণের আস্তানা, এই বাংলায় হবে না’, স্লোগান দেন
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, অনলাইনে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল।
রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় নেতাকর্মীরা ‘শিবিরের মূলনীতি, ভণ্ডামি আর মুনাফেকি’, ‘ধর্ষণের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘বাহ শফিক চমৎকার, ধর্ষকের পাহারাদার’ এবং ‘জাস্টিস জাস্টিস’ স্লোগান দেন।
ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ‘শিবির নানা ধরনের গুজব সাজিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুম এবং অপহরণের মতো এত সংবেদনশীল শব্দকে তারা প্রতারণার আশ্রয়ে নিয়ে গেছে। তারা নিজেরা অপরাধ করে নিজেদের ভিক্টিম সাজিয়ে মূল ভিক্টিমকে অপরাধী বানাতে চাই। ৭১ এবং ২৪ পরবর্তী বাংলাদেশে ধর্ষণ কোনো ভাবেই মেনে নেওয়া হবে না। তারা আবার এই ধরনের প্রতারণার রাজনীতি করলে, তাদেরকে আবার প্রতিহত করা হবে।’
সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘শিবির কর্তৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণিত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামাতের আমির ডা. শফিকুর রহমান নিজেকে আর একবার প্রমাণ করল, তাদের নারীনীতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।’
তিনি আরও বলেন, ‘নিজেরা গোপনে এ ধরনের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য নাটক করে, তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনগণকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।’