EN ☀️
×

Follow Us

শিক্ষা

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মানেই সারাদিন বই পড়া আর জিপিএ-৫ পাওয়া নয়, শিক্ষা হতে হবে আনন্দময়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:০১ পিএম

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মানেই সারাদিন বই পড়া আর জিপিএ-৫ পাওয়া নয়, শিক্ষা হতে হবে আনন্দময়। সেই লক্ষ্যে সরকার ইতোমধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন ও সংশোধন কার্যক্রম শুরু করেছে। মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পাশাপাশি বিদ্যালয়গুলোতে খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ব্যবস্থাও করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী শিগগিরই সারাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু করা হবে। এছাড়া দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশজুড়ে শত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান (এমপি), জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী। বিদ্যালয়ের সভাপতি ড. নুসরাত ফাতেমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

আরও পড়ুন