এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি বর্তমানে চট্টগ্রাম কমার্স কলেলের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা–এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ–এর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর নতুন চেয়ারম্যান হয়েছেন বোর্ডটির বর্তমান সচিব শামীম আরা চৌধুরী।
এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আহসান পারভেজ। তিনি বর্তমানে দাউদকান্দি/দেবিদ্বার সরকারি এসএস কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর–এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে। তিনি বর্তমানে হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ।
এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি এর আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব নিয়োগাদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন চেয়ারম্যানদের নেতৃত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।