EN ☀️
×

Follow Us

শিক্ষা

সৃজনশীল ও দক্ষ প্রজন্ম গড়তে শিক্ষা ব্যবস্থার রূপান্তর চায় সরকার: মাহদী আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

সৃজনশীল ও দক্ষ প্রজন্ম গড়তে শিক্ষা ব্যবস্থার রূপান্তর চায় সরকার: মাহদী আমিন
অ অ

প্রচলিত শিক্ষাব্যবস্থার গণ্ডি পেরিয়ে সৃজনশীলতা, মেধা, মননশীলতা, খেলাধুলা, সংস্কৃতি ও উদ্ভাবনী চিন্তাকে সমান গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেটনির্ভর না হয়ে নৈতিকতা, দক্ষতা ও বাস্তবজীবনভিত্তিক যোগ্যতায় সমৃদ্ধ হয়ে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত হবে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে ক্রীড়া, সংস্কৃতি, উদ্ভাবন এবং কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এ বছর ২২ লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গত ৮ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১১ লাখের বেশি ছাত্রী এবং ১১ লাখের বেশি ছাত্র দেশের বিভিন্ন পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দলগত নেতৃত্ব ও সৃজনশীলতার শিক্ষা অর্জন করছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন জাতীয় আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমগুলো বেশি প্রচার পেলে তারা আরও উৎসাহিত হবে এবং জাতীয় উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে আগ্রহী হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী ‘স্টার্ট-আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, দেশের প্রতিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ, উদ্ভাবনী চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি জানান, স্থানীয় ও জাতীয় বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান বের করে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সম্ভাবনাময় উদ্ভাবনী ধারণাগুলোর জন্য সিড ফান্ডিং, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। জাতীয় পর্যায়ে জেলা ও মহানগর থেকে নির্বাচিত সেরা ১০০টি দল অংশ নেবে এবং চূড়ান্ত পর্বে সেরা ১০টি দলকে পুরস্কৃত করা হবে।

এ ছাড়া শিক্ষকদের জন্য ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ এবং শিক্ষার্থীদের জন্য ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ প্রদানের পরিকল্পনার কথাও জানান তিনি।

কারিগরি শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, চলতি মাসের শেষ দিকে দেশব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় বিভিন্ন দক্ষতা প্রতিযোগিতা, ক্যারিয়ার ফেয়ার এবং তাৎক্ষণিক চাকরির সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, চূড়ান্ত পর্বে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য অন-স্পট সাক্ষাৎকার ও নিয়োগের সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে কারিগরি শিক্ষাকে আরও মর্যাদাপূর্ণ ও কর্মসংস্থানমুখী করে তোলাই সরকারের লক্ষ্য।

মাহদী আমিন আরও জানান, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্রীড়া, সংস্কৃতি, উদ্ভাবন, কারিগরি শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণ—সব ক্ষেত্রেই শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে আগামী দিনের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

ব্রিফিংয়ের শেষে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড ও প্রতিযোগিতাগুলোকে আরও বেশি প্রচার ও উৎসাহিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন