EN ☀️
×

Follow Us

শিক্ষা

ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মোহাম্মদ ইকবাল

বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে ডুয়েটকে গড়ে তোলার অঙ্গীকার অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মোহাম্মদ ইকবাল

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) তাঁর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং কর্মচারী সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন নতুন উপাচার্য। এ সময় তিনি বলেন, ‘দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের অভিভাবকত্ব পেয়ে আমি প্রথমেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। গ্লোবাল ভিলেজের সুযোগসমূহ কাজে লাগিয়ে সকলের সহযোগিতা নিয়ে প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা, প্রকাশনা, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে সামগ্রিকভাবে বিশ্বের দরবারে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো।’ 

এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি এই পদে যোগদান করেন। ডুয়েটে যোগ দেওয়ার আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেটের উপাচার্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে অধ্যাপক ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, একাধিক বিভাগের বিভাগীয় প্রধান এবং হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের মেরি ও'কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবেও কাজ করেন।

শিক্ষাগত যোগ্যতায় তিনি ভারতের শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বুয়েট থেকে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তাঁর ৩৫টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সে তিনি ৯০টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন।

গবেষণা ও একাডেমিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনাল থেকে 'ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড'সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

তিনি আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনাল, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), অ্যাশরেই বাংলাদেশ শাখা এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।

আরও পড়ুন