রামিসা হত্যার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মানববন্ধনে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা
ডেইলি সান রিপোর্ট, ববি
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বন্ধে দ্রুত ন্যায়বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ‘বিশ্ববিদ্যালয় সংগঠক গ্রুপ’- এর আয়োজনে এবং সব সামাজিক সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। এতে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. মো. গাজী সাখাওয়াত হোসেন সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থী মোহাম্মদ বেলাল বলেন, ‘আমরা প্রশাসন ও সরকারকে বলতে চাই— যার যে কাজ, তাকে দায়িত্ব নিয়ে সেটাই করতে হবে। নতুন সরকার গঠন হয়েছে বলেই আমরা এতদিন শান্ত ছিলাম, সময় দিয়েছি, রাস্তায় আসিনি। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে এই নীরবতা ভাঙবে। আমরা আর কোনো হত্যা, আর কোনো অন্যায় দেখতে চাই না। রামিসাসহ দেশজুড়ে যতগুলো নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, সবগুলোর দ্রুত বিচার করতে হবে।’
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) সভাপতি মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও ভয়ংকর করে তোলে। শুধু গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমরা রামিসার বিচার চাই, আমরা সকল নারী ও শিশুর নিরাপত্তা চাই।’
সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি আজ এখানে প্রশাসনের প্রতিনিধি হিসেবে নয়, বরং এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিজের নৈতিকতা থেকে দাঁড়িয়েছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই— আপনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দেশে একটি নতুন ও কঠোর দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের জন্য একটি নিরাপদ সমাজ ও আইনের শাসন নিশ্চিত করুন। আমরা আর বিচার চেয়ে রাস্তায় আসতে চাই না। কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা ও অরাজকতা আমাদের কাম্য নয়।’
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।