EN ☀️
×

Follow Us

শিক্ষা

বাউবিতে এমফিল ও পিএইচডি গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৪২ পিএম

বাউবিতে এমফিল ও পিএইচডি গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
অ অ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) এমফিল ও পিএইচডি প্রোগ্রামের পঞ্চম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে প্রশাসন বিভাগের রিসার্চ ডিগ্রি ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দূরশিক্ষণের মাধ্যমে প্রান্তিক, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দিচ্ছে। বর্তমানে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি গবেষণাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, গবেষণা শুধু ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি, মানবকল্যাণ এবং রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়। তিনি গবেষকদের নিষ্ঠা, সৃজনশীলতা ও নৈতিকতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানান এবং প্লেজিয়ারিজম ও অনৈতিক চর্চা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, গবেষণার মানোন্নয়নে নিয়মিত কর্মশালা, গবেষক ফেলোশিপ, পর্যাপ্ত বাজেট, আবাসন সুবিধা এবং গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি বাউবিকে গবেষণার জন্য একটি অনন্য বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীবান্ধব গবেষণা পরিবেশ ও সহজ নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস। তিনি গবেষণাকে শুধু ডিগ্রি বা পদোন্নতির মাধ্যম হিসেবে নয়, বরং মৌলিক জ্ঞান সৃষ্টির দায়িত্ব হিসেবে গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন ও গবেষকরা বক্তব্য দেন। বক্তারা গবেষণার গুণগত মান উন্নয়ন, মৌলিক গবেষণা পরিচালনা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং পঞ্চম ব্যাচের ৪১ জন এমফিল ও পিএইচডি গবেষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ ডিগ্রি ইউনিটের যুগ্ম পরিচালক এমএস তাসলিমা খানম।

আরও পড়ুন