মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:৫৮ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের পর মায়েদের সম্পৃক্ত করে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (১৮ মে) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা বরদাশত করা হবে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
সভায় প্রতিমন্ত্রী পাঁচ দফা নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে অনুমোদিত প্যাকেজিং অনুসরণ, সরবরাহ ব্যবস্থায় পরিচয় যাচাই, সাব-কন্ট্রাক্ট নিষিদ্ধ করা এবং নিয়মিত কারখানা পরিদর্শন।
এ ছাড়া বিদ্যালয় পর্যায়ে খাদ্যের মান ও নিরাপত্তা তদারকিতে পাঁচ সদস্যের গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা থাকবেন।
প্রতিমন্ত্রী মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ কর্মসূচিতে কোনো দুর্নীতি বা অনৈতিক কার্যক্রম বরদাশত করা হবে না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।