EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে, উপাচার্য চাইলেন সময়

এআই দিয়ে ফুটেজ বিকৃত, অপরাধী শনাক্তে ধোঁয়াশা— তদন্তে প্রতিবন্ধকতার অভিযোগ জাকসুর

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে, উপাচার্য চাইলেন সময়

ছবি: সংগৃহীত

অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের কাছে সময় চেয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

শনিবার (১৬ মে) বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করছেন।’

এর আগে জাকসু নেতারা অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থ হলে বা তদন্তে গাফিলতি হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার; সিসিটিভি ফুটেজ শনাক্তে প্রশাসনিক গাফিলতির বিষয়ে রেজিস্ট্রার, নিরাপত্তা শাখা ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এদিকে, তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে জাকসু নেতারা জানান, ঘটনার দিন সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করে প্রচার করা হয়েছে। এতে প্রকৃত অপরাধী শনাক্তের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে তারা অভিযোগ করেন।

জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা, অবিলম্বে অপরাধী গ্রেপ্তার হবে। যদি কারও গাফিলতি থাকে— তা সে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রেজিস্ট্রার, নিরাপত্তা শাখা কিংবা প্রক্টরিয়াল বডি যারই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে।’

উপাচার্য জানান, কীভাবে ছবি বিকৃত হলো এবং নিরাপত্তার ব্যত্যয় ঘটল তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দায়িত্বে অবহেলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন