ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে নিরাপত্তা জোরদারে ১৪ দফা সিদ্ধান্ত প্রশাসনের
ডেইলি সান রিপোর্ট, জাবি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:৩৩ এএম
ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ১৪ দফা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
তিনি জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ১৪ মে বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে কুইক রেসপন্স টিম গঠন করা হবে। পাশাপাশি নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ গ্রহণে হটলাইন চালু, পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে স্থানীয় বাসিন্দাদের চলাচলের ক্ষেত্রে পাস ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া নির্মাণশ্রমিক ও দোকানকর্মীদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, গেট ও সীমানা প্রাচীর মেরামত, ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো হবে। প্রধান ফটক, প্রান্তিক ও গেরুয়া গেটে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি নারী নিরাপত্তাকর্মী নিয়োগের কথাও জানানো হয়েছে।
এছাড়া ক্যাম্পাসে ১০০ জন আনসার সদস্য মোতায়েনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে অনুমোদন চাওয়া হবে বলে জানানো হয়। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে দ্রুত নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন এবং আল বেরুনী হলের টিনশেড এক্সটেনশন ভবন দ্রুত অপসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত ১২ মে রাতে আবাসিক হলে ফেরার পথে ওই ছাত্রী বহিরাগত এক যুবকের হাতে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ মে রাতে শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলন করেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, কুইক রেসপন্স টিম ও জরুরি হটলাইন চালু, ক্যাম্পাস নিরাপত্তা জোরদার, নারী নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সাইবার সুরক্ষা ব্যবস্থা চালু।