শিক্ষকদের কীভাবে মানসম্মত করব সেটাই আমাদের চিন্তা: শিক্ষামন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৪৯ পিএম
আমরা মাথাভারী কোনো প্রশাসন বাড়াতে চাই না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, আমরা জাতিকে শিক্ষিত করার জন্য তাদেরকে অ্যাড্রেস করতে চাই। প্রশাসন নিয়ে আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা হচ্ছে শিক্ষকদের কীভাবে আমরা মানসম্মত করব, আমরা কারিকুলাম কীভাবে অ্যাড্রেস করব সেগুলো।
রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডেপুটি কমিশনারদের (ডিসি) সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়–সংক্রান্ত সেশন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রথমত ৩২ হাজার ৫০০ হেড মাস্টার মামলার কারণে আটকে আছে। সেটাকে গ্রিড লক থেকে বেরিয়ে আসতে হবে। অপরদিকে ১৪ হাজার ৩০০ শিক্ষক নিয়োগে লাস্ট গভর্নমেন্ট তড়িঘড়ি করল, সেটাকে আমরা ডিসিপ্লিনে নিয়ে আসছি। এরপরে আবার ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে হবে। আবার ১৫ হাজার প্রাইমারিতে রয়েছে, ৭৭ হাজার শিক্ষক আমাদের নিয়োগ দিতে হবে পাবলিক সিস্টেমে। ৭ হাজার নিয়োগ দিতে হবে আমাদের সরকারি হাই স্কুলগুলোতে। আমরা এগুলো যত দ্রুত সম্ভব করতে চাই।