EN ☀️
×

Follow Us

শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

৩৬ বছরে শাবিপ্রবি; শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম

বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ছবি: ডেইলি সান

অ অ

উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

সকাল ১০টায় প্রশাসনিক ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ।

ঐতিহ্যের ৩৬ বছর: বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন শাবিপ্রবি প্রশাসন।’ ছবি: ডেইলি সান

এরপর একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

কেক কাটার পূর্বে আয়োজিত সমাবেশে ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ৩৬ বছরে পদার্পণ করেছে। এই সময়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশ্ববিদ্যালয়কে ভালো রাখার মাধ্যমেই আমরা ভালো থাকব- এই হোক আজকের দিনের অঙ্গীকার।’

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের, বিশেষ করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত নেতৃত্বের অধীনে দেশ শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের ওপর গুরুত্বারোপ করে ভিসি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেখানেই থাকুক না কেন, তারা দেশের সুনাম বৃদ্ধি করবে এবং বিশ্ববিদ্যালয়ের গর্বিত দূত হিসেবে ভূমিকা রাখবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন এবং মেডিক্যাল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আহমদ কবীর। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকসহ বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে শাবিপ্রবির এই ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হবে।

আরও পড়ুন