শাকসু স্থগিতের রিটের শুনানি দুপুরে, ক্যাম্পাসে নির্বাচন চেয়ে বিক্ষোভ
ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
শাকসু নির্বাচন নির্ধারিত সময়েই আয়োজনের দাবিতে আজ সকাল ১০টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের এক সিদ্ধান্তে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেয়। এ ঘোষণার পর শাকসু নির্বাচন হবে কি না তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। তবে নির্বাচন কমিশন তিনটি শর্ত সাপেক্ষে শাকসু নির্বাচন আয়োজনের অনুমোদন দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর মধ্যে শাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। সে প্রেক্ষাপটে ২০ জানুয়ারি নির্ধারিত শাকসু নির্বাচন আয়োজন আইনসঙ্গত নয়।
রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল, গাজী তৌহিদ ও কামরুজ্জামান আসাদ। আজ হাইকোর্টে রিটটির শুনানি অনুষ্ঠিত হচ্ছে। কার্যতালিকায় এটি তিন নম্বর ক্রমিকে রয়েছে।
এদিকে শাকসু নির্বাচন নির্ধারিত সময়েই আয়োজনের দাবিতে আজ সকাল ১০টা থেকে শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদল ও শিবির সমর্থিত প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ভিপি প্রার্থী ও অন্যান্য প্যানেলের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
বিক্ষোভ চলাকালে শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের এজিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, শাকসু আমাদের জন্য আমরা আবার জুলাই নামিয়ে আনবো।
শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে শাবিপ্রবির শিক্ষার্থীরা।