সেরোভ একাডেমির বার্ষিক ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পদক ও সম্মাননা প্রদান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত
সেরোভ একাডেমি অফ ফাইন আর্টস-এর উদ্যোগে শিক্ষার্থীদের বার্ষিক একাডেমিক ফলাফল প্রকাশ ও কৃতিত্বের স্বীকৃতি পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ) বিকেল ৩টায় একাডেমির গ্রীন স্কয়ার ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে একযোগে একাডেমির গ্রীন স্কয়ার ক্যাম্পাস এবং ধানমন্ডিস্থ রাশিয়ান হাউস ইন ঢাকা—এই দুই ক্যাম্পাসের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।
বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে গ্রীন স্কয়ার ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রঙের বাক্স ও স্কেচবোর্ড হাতে শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। ফলাফল ঘোষণার সময় শিক্ষার্থীদের নাম উচ্চারিত হলে করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। শিল্পচর্চায় কৃতিত্ব, নিষ্ঠা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদ, পুরস্কার ও মেডেল তুলে দেওয়া হয়। একাডেমি কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নিয়মিত অনুশীলনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি শুধু ফলাফল প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল শিক্ষার্থীদের এক বছরের পরিশ্রম, শেখা ও সৃজনশীল বিকাশের সম্মিলিত উদযাপন। এক অভিভাবক বলেন, ‘আগে ও মোবাইল গেমে বেশি সময় দিত, এখন বাসায় ফিরে আঁকার গল্প করে—এই পরিবর্তনটাই আমাদের কাছে সবচেয়ে বড় সাফল্য।’
অনুষ্ঠান শেষে একাডেমির পরিচালক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিল্পচর্চা শুধু কারিগরি দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মনকে শৃঙ্খলিত করে, দৃষ্টিকে সংবেদনশীল করে এবং মানুষকে আরও মানবিক করে তোলে।’
দিনের শেষে গ্রীন স্কয়ার ক্যাম্পাস রয়ে যায় করতালি, রঙিন স্মৃতি ও ছোট ছোট স্বপ্নের প্রথম স্বীকৃতি নিয়ে—কারও হাতে একটি সনদ, কারও হাতে একটি পুরস্কার, আবার কারও জন্য এক ঝলমলে মেডেল।