জকসু নির্বাচন: ২৩ কেন্দ্রের ফল প্রকাশ
২৩ কেন্দ্রের ফলে এগিয়ে ‘অদম্য জবিয়ান’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। এসব বিভাগের কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ ফলাফল ঘোষণা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের মধ্যে এখনো ১৫টি ফল ঘোষণা বাকি।
ভিপি পদে ২৩টি কেন্দ্রে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলামের প্রাপ্ত ভোট ২ হাজার ৮১৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ২ হাজার ৬৯১ ভোট পেয়েছেন।
জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৯৮৯ ভোট। আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ১ হাজার ২৩৯ ভোট।
এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ২ হাজার ৬৫৬ ভোট। ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল ২ হাজার ৩৬০ ভোট।