পাঁচ ঘণ্টা পর পুনরায় শুরু হলো জকসুর ভোট গণনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪০ এএম
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত রাত সাড়ে ১২টার পর ভোট গণনা শুরু হয়েছে।
রাত সাড়ে ১২টার পর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জকসুর ভোট গণনা শুরু হয়। প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়। বিভাগটিতে ২৭৮টি ভোট পড়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
এর আগে বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হলেও ৩৯ কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু করলে দুই মেশিনে আলাদা আলাদা ফলাফল দেখায়। গত তিন ঘণ্টায়ও এর সমাধান করা সম্ভব হয়নি। শেষে ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
গত ৪ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে মক ভোটের আয়োজন করা হয়। মক ভোট শেষে মেশিনে ভোট গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত দেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস খাদিজাতুল কোবরা ও এজিএস আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তে স্বাক্ষর করেন।