ওএমআর মেশিনে ত্রুটি, জকসুর ভোট গণনা স্থগিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে 'কারিগরি ত্রুটির' কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হলেও ত্রুটির কারণে গণনা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে নির্বাচন কমিশনার ড. শহিদুল ইসলাম বলেন, দুটো মেশিনে দুরকম ফলাফল দিচ্ছে, এ বিষয়টাকে আমরা এডজাস্ট করার চেষ্টা করছি। ভোটের কোনো ফলাফল এখন পর্যন্ত নিশ্চিত নয়, তাই ফলাফল নিয়ে আপনারা অনুমান নির্ভর কিছু বলবেন না।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে জকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।