জকসু নির্বাচন: কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: ডেইলি সান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এদিন (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত।
ভোট গ্রহণ উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এছাড়া সকাল থেকে নারী শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।
ভোট দিতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারিহা জামান নাবিলা বলেন, প্রথমবারের মতো ভোট দিচ্ছি। আমরা খুবই উচ্ছ্বসিত। ভোট এখনো সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।
আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, আমি এখনো ভোট দেইনি। বান্ধবীর জন্য অপেক্ষায় আছি। সে আসলেই ভোট দিতে যাবো। প্রথমবার জকসু নির্বাচন হচ্ছে। আমরা আশা করব সৎ ও যোগ্য নেতৃত্ব উঠে আসুক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দেবেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ২১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।
ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।