পোষ্য কোটায় ভর্তি হওয়া আবরার বিন সেলিম লড়তে চান শাকসু নির্বাচনে
ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৮ বছর পর হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। এই নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে আগ্রহ প্রকাশ করেছেন, অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী আবরার বিন সেলিম। তবে তার বিরুদ্ধে পোষ্য কোটায় ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে আবরার নিজেই এর সত্যতা স্বীকার করেছেন এবং তৎকালীন ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. আবু সাইদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে, যে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় কোটা ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীর অধিকার ক্ষুণ্ন করেছে, সে কীভাবে নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষা করবে?
এ বিষয়ে আবরার বিন সেলিম ডেইলি সানকে বলেন, পোষ্য কোটায় ভর্তি হলেও তিনি কারও অধিকার ক্ষুণ্ন করেননি। তার দাবি, ‘কোনো বিভাগে যদি ৬৫টি আসন থাকে, সে ৬৫টি আসনই সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর অতিরিক্ত হিসেবে কোটা-ধারীদের ভর্তি করা হয়। আমি সেই অতিরিক্ত আসনে ভর্তি হয়েছি, সাধারণ আসনে নয়। তাই কারও অধিকার ক্ষুণ্ন করিনি।’
কোটায় ভর্তির প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি পরীক্ষা দিয়েছিলাম জুলাই অভ্যুত্থানের আগেই। তখন কোটা নিয়ে এত আলোচনা বা আন্দোলন ছিল না। মূলত এজন্য আমি আবেদনের সময় কোটা ব্যবহার করি।’
জানা গেছে, আবরার বিন সেলিম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. সেলিমের ছেলে।