‘টিমওয়ার্ক বিয়ন্ড বিজনেস’ স্লোগানে শুরু বিসিএমইএ ফুটবল কাপ
ব্যবসার বাইরে সম্প্রীতি বাড়াতে প্রথমবারের আসরে মাঠে নামছে ১২ সিরামিক প্রতিষ্ঠান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
বেরাইদে বিসিএমইএ ফুটবল কাপের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
ব্যবসার বাইরে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও দলগত বন্ধন দৃঢ় করার লক্ষ্যে রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬। শুক্রবার (২৭ নভেম্বর) বেরাইদের অ্যাথলেটস হাবে ‘টিমওয়ার্ক বিয়ন্ড বিজনেস’ স্লোগানে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত প্রতিযোগিতায় সিরামিক শিল্পের ১২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত মনোভাব গড়ে তোলে। শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে খেলাধুলার সম্পৃক্ততা বাড়লে সুস্থ প্রতিযোগিতা ও ইতিবাচক কর্মসংস্কৃতি তৈরি হবে।
বিশেষ অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দলগত ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। বিসিএমইএর এ উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে। আয়োজকদের অভিনন্দন জানিয়ে তিনি দলগুলোকে ক্রীড়াসুলভ মনোভাব ও সৌহার্দ্য বজায় রেখে খেলার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে বিসিএমইএর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দৃঢ় করতেই এই আয়োজন। এতে ব্যবসার বাইরেও পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বাড়বে।
-6b0ab47a95f07.jpg)
বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও টুর্নামেন্টের চেয়ারম্যান আব্দুল হাকিম সুমন বলেন, এ আয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত চেতনা, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব গড়ে তুলবে। অংশীজনদের সম্পর্কোন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএর পরিচালক ফারিয়ান ইউসুফ, হামজাহ সাকিফ তাবানী ও মোহাম্মদ জিয়াউল হক জিকো; টুর্নামেন্ট আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার এবং জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী শাব্বির।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস ও শেলটেক সিরামিকস।
আয়োজনের ‘পাওয়ার্ড বাই’ স্পন্সর ভিদ্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সর কেডিএ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ ও সিরামিন এফজেড এলএলসি। সহযোগী পার্টনার ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল ও গিমপেক্স প্রাইভেট লিমিটেড।
এ ছাড়া ব্যাংকিং পার্টনার শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স পার্টনার আইপিডিসি, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো; মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, শেপিং বাংলাদেশ ম্যাগাজিন ও টি স্পোর্টস। টেকনোলজি পার্টনার টেকনো, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেক্ট্রোলাইট, রিফ্রেশমেন্ট পার্টনার ইসপি, হট বেভারেজ পার্টনার ব্লেন্ডারস চয়েস ও নেসক্যাফে, নিউট্রিশন পার্টনার নেসলে মাইলো, স্ন্যাকস পার্টনার ম্যাগি হেলদি স্যুপ ও হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট এবং ফ্র্যাগরেন্স পার্টনার অ্যাঞ্জেলিক ফ্রেশ।