EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
অ অ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে। এ প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, রপ্তানি বহুমুখীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ।

গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অস্ট্রেলিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসাবান্ধব পরিবেশ, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়। এসব খাত সম্পর্কে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের জানানো এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। অস্ট্রেলিয়ার বাজারে আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত শেষ করা এবং দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ।

এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের সুযোগ-সুবিধা এবং সরকারের বিনিয়োগ প্রণোদনা তুলে ধরা হয়।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা স্বাক্ষরিত হয়। এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল ও বহুমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন