EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিআইডিএস-বিসিআইয়ের জরিপ

বিদ্যুৎ-গ্যাস সংকটে মাঝারি ও বৃহৎ শিল্পের উৎপাদন কমেছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

বিদ্যুৎ-গ্যাস সংকটে মাঝারি ও বৃহৎ শিল্পের উৎপাদন কমেছে

ছবি: সংগৃহীত

অ অ

বিদ্যুৎ-গ্যাসের অনিয়মিত সরবরাহ, ঋণের উচ্চ সুদহার ও কাঁচামালের মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে দেশের মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্প। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে এসব শিল্পের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কমেছে। একই সময়ে উৎপাদন সক্ষমতা ব্যবহারের হার নেমে এসেছে ৬৬ শতাংশে। অর্থাৎ কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার ৩৪ শতাংশই অব্যবহৃত থাকছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে এ চিত্র উঠে এসেছে। ‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’-এর প্রথম রাউন্ডে দেশের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে উৎপাদন, উপকরণ ব্যবহার, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের সঙ্গে গত বছরের গড় ত্রৈমাসিকের তুলনা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সম্মেলনকক্ষে জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিআইডিএসের ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের (আইপিআইডি) গবেষক কাজী ইকবাল, মুনতাসির মুরশেদ, মিতালী পারভীন ও কাজী জুবায়ের হোসেনের সমন্বয়ে গঠিত দলটি এ গবেষণা পরিচালনা করে। তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, ইস্পাত, চামড়া ও খাদ্য প্রক্রিয়াকরণসহ ১৪টি প্রধান শিল্প খাতের ১৩০টি কারখানায় জরিপ চালানো হয়। এর মধ্যে ১২১ থেকে ৩০০ শ্রমিক কর্মরত কারখানাকে মাঝারি এবং ৩০০-এর বেশি শ্রমিক কর্মরত কারখানাকে বৃহৎ হিসেবে বিবেচনা করা হয়েছে। জরিপের দাবি, এসব কারখানা দেশের মাঝারি ও বৃহৎ শিল্প উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক জিডিপির তথ্য প্রকাশে তিন থেকে চার মাস বিলম্ব এবং বিদ্যমান সূচকগুলোর সীমাবদ্ধতার কারণে নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের দ্রুত শিল্প পরিস্থিতির ধারণা দিতে নতুন এ সূচক চালু করা হয়েছে বলে জানানো হয়।

জরিপে অংশ নেওয়া ৯৩ শতাংশ কারখানা জ্বালানি সংকটকে ব্যবসার প্রধান তিন প্রতিবন্ধকতার একটি হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৭৯ শতাংশ কারখানার কাছে এটি সবচেয়ে বড় সমস্যা।

জরিপের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বিভিন্ন শিল্প খাতের উৎপাদনে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। এ সময়ে অটোমোবাইল শিল্পে ২২ শতাংশ, পাটে ১৩ শতাংশ এবং তৈরি পোশাক খাতে ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিপরীতে বস্ত্র খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতে ১২ শতাংশ এবং খাদ্য প্রক্রিয়াকরণে ৯ শতাংশ।

উৎপাদন সক্ষমতা ব্যবহারের চিত্রেও অবনতির প্রমাণ মিলেছে। বিশেষ করে বস্ত্র খাতে সক্ষমতা ব্যবহারের হার ২০২৫ সালের ৭৩ শতাংশ থেকে কমে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৫৫ শতাংশে নেমেছে। সামগ্রিকভাবে সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ বিদ্যমান অবকাঠামো ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও উল্লেখযোগ্যসংখ্যক কারখানা উৎপাদন বাড়াতে পারছে না।

শিল্পের এ দুরবস্থার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অনিশ্চয়তা। জরিপে বলা হয়েছে, ২০২৫ সালে কারখানাগুলোয় দৈনিক গড়ে দুই ঘণ্টা গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতো। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ ঘণ্টায়। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার সময় দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে হয়েছে ৩ দশমিক ২ ঘণ্টা।

সরবরাহ পরিস্থিতির প্রভাব পড়েছে বিদ্যুৎ ও গ্যাসের মান নিয়ে উদ্যোক্তাদের সন্তুষ্টিতেও। গ্রিড বিদ্যুতের মানে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে এ হার ৭০ শতাংশ থেকে কমে হয়েছে ১৭ শতাংশ। সরবরাহ ঘাটতি সামাল দিতে বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে হচ্ছে কারখানাগুলোকে। এতে এলপিজিতে ব্যয় বেড়েছে ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানিতে ১৫ শতাংশ এবং গ্রিড বিদ্যুতে ৮ শতাংশ। সব মিলিয়ে কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৩১৬ লাখ টাকা।

শুধু জ্বালানি নয়, কাঁচামাল সংগ্রহ ও পরিবহন ব্যয়ও বাড়ছে। জরিপে দেখা গেছে, দেশের মাঝারি ও বৃহৎ শিল্পের মোট কাঁচামাল ব্যয়ের ৭৭ শতাংশই আমদানিনির্ভর। একটি ক্রয়াদেশ পাওয়ার পর পণ্য সরবরাহ করতে গড়ে ৬৫ দিন সময় লাগে। এর মধ্যে শুধু কাঁচামাল সংগ্রহেই ব্যয় হয় ৩৫ দশমিক ৪ দিন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কারখানাপ্রতি কাঁচামাল ব্যয় আগের বছরের একই সময়ের ৮৫ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে। ৯৪ শতাংশ কারখানার ভাষ্য, তাদের কাঁচামালের দাম গড়ে ১২ শতাংশ বেড়েছে।

পরিবহন ব্যয়ও উদ্যোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এ প্রান্তিকে কারখানাপ্রতি পণ্য পরিবহন ব্যয় ১০ শতাংশ বেড়ে ১ কোটি ১২ লাখ টাকায় দাঁড়িয়েছে। এতে মোট পরিচালন ব্যয় বেড়ে হয়েছে ১ কোটি ৪৯ লাখ টাকা। তবে বন্দর ও কাস্টমস কার্যক্রমে কিছুটা গতি আসায় সমুদ্রবন্দর থেকে আমদানি করা কাঁচামাল খালাসের গড় সময় ১২ দশমিক ৪ দিন থেকে কমে ১০ দশমিক ৯ দিনে নেমেছে।

ব্যয় বৃদ্ধি ও ব্যবসায়িক অনিশ্চয়তার প্রভাব পড়েছে নতুন বিনিয়োগেও। ২০২৫ সালের গড় প্রান্তিকে কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনায় ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা কমে মাত্র ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে। ওষুধ ও রসায়ন খাত ছাড়া প্রায় সব খাতেই যন্ত্রপাতি আমদানি ও কেনাকাটা তলানিতে নেমেছে। নতুন বিনিয়োগে এমন মন্দা ভবিষ্যতে শিল্পের উৎপাদন সক্ষমতা সম্প্রসারণেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

শিল্পের মন্থরতার প্রভাব পড়ছে কর্মসংস্থানেও। জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় মোট কর্মসংস্থান আগের তুলনায় ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনে নেমেছে। কারখানাপ্রতি নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার হার উভয়ই ১৯ শতাংশ করে কমেছে। বোনাস ও অন্যান্য ভাতা বাদে শ্রমিকদের গড় মাসিক মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ২৬৩ টাকা। পুরুষ শ্রমিকদের গড় মজুরি ২৩ হাজার ৮৬১ টাকা হলেও নারীদের ক্ষেত্রে তা ১৮ হাজার ৮২০ টাকা।

উদ্যোক্তাদের ব্যবসায়িক মনোভাবের সূচকেও হতাশাজনক চিত্র উঠে এসেছে। শূন্য থেকে ১০০-এর স্কেলে তৈরি এ সূচকে ৫০-কে অপরিবর্তিত পরিস্থিতির নির্দেশক ধরা হয়। সে হিসাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উৎপাদন, মুনাফা, চাহিদা, প্রবৃদ্ধি ও সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি—সব সূচকের মানই ৫০-এর নিচে, ৩৬ থেকে ৪৩-এর মধ্যে রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মুনাফা সূচক, যার মান ৩৬। জরিপে অংশ নেওয়া প্রায় ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে। প্রবৃদ্ধি সূচকের মান ৩৭, উৎপাদনের ৩৯, চাহিদার ৪৩ এবং সার্বিক ব্যবসায়িক পরিস্থিতির ৩৯।

জ্বালানি সংকটের পর ব্যবসার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে ঋণের উচ্চ সুদহার ও অর্থায়ন ব্যয় এবং কাঁচামাল সংগ্রহের সমস্যাকে চিহ্নিত করেছে ৩৭ শতাংশ করে কারখানা। অর্থাৎ উৎপাদন বাড়াতে গিয়ে উদ্যোক্তাদের একদিকে বাড়তি পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে, অন্যদিকে উচ্চ সুদহারের কারণে নতুন বিনিয়োগের সক্ষমতাও কমছে। তবে আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা। এ সময়ে উৎপাদন সূচক বেড়ে ৫৪-তে উন্নীত হতে পারে বলে জরিপে উঠে এসেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ‘বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানও পেয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব প্রতিষ্ঠান নিয়েই সরকারকে কার্যক্রম চালাতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এর পরও সরকার বিনিয়োগনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, যেখানে কর্মসংস্থান ও উৎপাদন প্রবৃদ্ধি বাড়বে।’

বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর।

আরও পড়ুন