বিজিএমইএ’র জরিপ
১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার সরে গেছে অন্য দেশে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তৈরি পোশাক শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ছবি: রয়টার্স
চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তৈরি পোশাক শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে।
গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর,- এই ১৮ দিনে চলা অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, প্রাথমিক এই জরিপেই তার স্পষ্ট চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে বিজিএমইএএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অবঃ)।
উৎপাদন ব্যাহত ও ৪২৮ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি
জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই কারখানাগুলো সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
শুধুমাত্র এই ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)।
অর্ডার বাতিল ও এয়ার শিপমেন্টের বাড়তি চাপ
৪২৮ মিলিয়ন ডলারের সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে।
রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে সরে গেছে
অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা ইতিমধ্যেই তাদের নিশ্চিত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে। যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক
বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। বিজিএমইএ এর ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০ এরও বেশি। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।
তাই, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও বেশি।
ভাবমূর্তি সংকট ও বিজিএমইএ এর আহবান
কেবল তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। এর চেয়েও বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদী ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর- যা স্পষ্ট প্রতিফলিত হচ্ছে ইতিমধ্যেই অন্য দেশে ব্যাপকভাবে অর্ডার সরে যাওয়ার মধ্য দিয়ে।
দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে তৈরি হওয়া এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি।
শিল্পের চাকা সচল রাখতে এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে বিজিএমইএ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।