পোশাকশ্রমিকের মজুরি কম রাখার ক্ষেত্রে জ্বালানি সংকট-উচ্চ সুদের হার অজুহাত হতে পারে না: সিপিডি
বিজিএমইএর সমালোচনার জবাবে সিপিডি বলেছে, সুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক নয়; বিজ্ঞানসম্মত বড় জরিপের আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
পোশাকশ্রমিকের মজুরি নিয়ে বিজিএমইএকে সিপিডির জবাব।
জ্বালানি সংকট, উচ্চ সুদের হার ও দুর্নীতির মতো সুশাসনের সমস্যাকে পোশাকশ্রমিকদের মজুরি কম রাখার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, এসব সংকটের সমাধান আলাদাভাবে খুঁজতে হবে।
গত ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিপিডি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করে। এর সমালোচনা করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সেই সমালোচনার জবাবে রবিবার (২২ নভেম্বর) সিপিডি বলেছে, মজুরি বোর্ডের উচিত দেশের অর্থনৈতিক বাস্তবতার পাশাপাশি শ্রমিকদের চাহিদাও বিবেচনা করা। তবে সুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক হবে না। সংস্থাটি জানায়, তারা বিজিএমইএর পর্যবেক্ষণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং গঠনমূলক মতবিনিময়ের মাধ্যমে তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণ সম্ভব বলে মনে করে।
সিপিডি পরিবারের গড় সদস্য চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন ধরেছে। সংস্থাটি যেসব গবেষণা পর্যালোচনা করেছে, সেখানে পরিবারপ্রতি উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জনের মধ্যে ছিল। এর সাধারণ গড় প্রায় ১ দশমিক ৬৭ এবং মধ্যক (মিডিয়ান) ১ দশমিক ৫৮। বড় সংখ্যার প্রভাব সীমিত রাখতেই মধ্যক ব্যবহার করা হয়েছে। বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) ২০২২ অনুযায়ী শহরের পরিবারে গড়ে উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৩৭ জন। সিপিডি বলছে, এ সংখ্যা ব্যবহার করলে একজনের জন্য প্রয়োজনীয় মজুরি আরও বাড়ত।
পরিবারের আকার নির্ধারণে বিজিএমইএ বিবিএসের ‘আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩’ ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। সিপিডির জবাব, ন্যূনতম মজুরির ক্ষেত্রে এইচআইইএস বেশি প্রাসঙ্গিক, কারণ এতে আয়, ব্যয়, ভোগ ও দারিদ্র্যের বিস্তারিত তথ্য আছে। এই জরিপে ঢাকা বিভাগের শহরাঞ্চলের মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা ৪ হাজার ৯২২ টাকাকে ভিত্তি ধরা হয়েছে।
সংস্থাটি বলছে, বহু পোশাকশ্রমিক শহর ও শিল্পাঞ্চলে ভাড়া থাকেন এবং বাজার থেকে পণ্য কেনেন। এ হিসাবে গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলও অন্তর্ভুক্ত। বিজিএমইএ এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যা দিলে শ্রমিকসংখ্যার ভিত্তিতে দারিদ্র্যসীমা হিসাব করা সম্ভব বলে জানায় সিপিডি।
২০২৩ সালে ৭৬টি কারখানার ২২৮ জন শ্রমিকের ওপর সিপিডির নিজস্ব গবেষণার প্রতিনিধিত্বশীলতা নিয়ে আগে প্রশ্ন তুলেছিল বিজিএমইএ। সিপিডি বলছে, তারা শুধু এর ওপর নির্ভর করেনি; বিবিএসের তথ্য, এসিডির ১ হাজার ১১৯ জন এবং আইএলও ও ইউএন উইমেনের ৫৫৩ জন শ্রমিকের জরিপও যুক্ত করেছে। তবে সংস্থাটি স্বীকার করেছে, এসব পরিসংখ্যান প্রতিনিধিত্বশীল জরিপের বিকল্প নয়।
আবাসন ব্যয় দুবার ধরা হয়েছে—বিজিএমইএর এ অভিযোগ নাকচ করেছে সিপিডি। সংস্থাটির ভাষ্য, খাদ্যবহির্ভূত ব্যয় থেকে বাড়িভাড়া ও খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দিয়ে আবাসন ব্যয় আলাদা যোগ করা হয়েছে।
সিপিডি বিজ্ঞানসম্মত নমুনার ভিত্তিতে শ্রমিক ও কারখানা উভয়কে নিয়ে বড় জরিপের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারা অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা মজুরি বৃদ্ধির পক্ষে, তবে ভাঙচুর, সহিংসতা ও অস্থিরতার বিরোধী।