EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা

ছবি: সংগৃহীত

অ অ

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। এতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা এবং কর্মচারীদের ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বাড়বে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

নতুন কাঠামোয় শ্রমিকদের জন্য ছয়টি এবং কর্মচারীদের জন্য চারটি গ্রেড রাখা হয়েছে। শ্রমিকদের সর্বোচ্চ মাসিক মজুরি ২৩ হাজার ২৫৫ টাকা এবং কর্মচারীদের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষানবিশ শ্রমিক ও কর্মচারীদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা।

দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। তবে নতুন মজুরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নন শ্রমিক প্রতিনিধিরা। তাঁদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে নির্ধারিত মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।


অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’

তিনি জানান, মজুরি আলোচনায় শ্রমিকপক্ষ প্রথমে সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরির প্রস্তাব দিলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শুরুতে তুলনামূলক কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল। মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা। কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে মজুরি বোর্ড নতুন কাঠামো চূড়ান্ত করে।

আরও পড়ুন