EN ☀️
×

Follow Us

অর্থনীতি

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই)

কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক প্রি-লঞ্চিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক প্রি-লঞ্চিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
অ অ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ: আনলকিং এ নিউ ফিনান্সিয়াল মার্কেট স্ট্রাকচার বিষয়ক প্রি-লঞ্চিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা হোটেলে সেলেস্টিয়াল বলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) তানভির শাহরিয়ার গনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

ক্যাম্পেইন অনুষ্ঠানে বিভিন্ন ফিনান্সিয়াল প্রতিষ্ঠান এবং এক্সচেঞ্জের প্রতিনিধিরা অংশ নেন। ইন্ডিয়ার চেল্লা সফটওয়্যারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বিয়া রাজাগোপাল, ইন্ডিয়ার এবান্স গ্রুপের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর অভিষেক প্রদীপ বনশাল, ইন্ডিয়া এমসিএক্সসিসিএলের ম্যানেজিং ডিরেক্টর রিশি নাথানি, দুবাইয়ের ইউএই দুবাই গোল্ড এন্ড কমোডিটিস এক্সচেঞ্জের (ডিজিসিএক্স) ডেপুটি ডিরেক্টর ও সিইও নগেন্দ্রকুমার, ইন্দোনেসিয়া পাম অয়েল এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, মিস ললিতা বানগুণ, এসোসিয়েশনের এর অন্যান্য অতিথিরা কমোডিটি এবং এর সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা দেন।

এছাড়াও সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরি,  মোহাম্মদ নাসির উদ্দিন, প্রোফেসর ড. মো. সাইফুল ইসলাম, মিস ফরিদা ইয়াসমিন এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমোডিটি বিষয়ক বিষয়ক উপস্থাপনা প্রদান করেন, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।

তিনি বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে এর প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে থাকবে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম অয়েল এবং দ্বিতীয় ধাপে যুক্ত হবে ধান, ভুট্টা ও তুলা।

এই উপস্থাপনায় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমদানিনির্ভরতা, দেশীয় উৎপাদন ও ভোগের পরিমাণ এবং পণ্যের বাজারমূল্যের ওঠানামা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জের মূল লক্ষ্য হলো পণ্যের মূল্যঝুঁকি নিয়ন্ত্রণ, বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এবং ব্রোকার, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট বাজার অংশগ্রহণকারীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান  জনাব মাসুদ খান । তিনি বলেন, আজ বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। চিটাগং  স্টক এক্সচেঞ্জে (সিএসই) পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেনের সূচনা করার প্রস্তুতি নিয়েছে। প্রাথমিকভাবে নগদ নিষ্পত্তি পদ্ধতিতে স্বর্ণ, রৌপ্য এবং অপরিশোধিত পাম তেল নিয়ে এ কার্যক্রম শুরু হবে।

এই উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের কার্যক্রম শেয়ার ও বন্ডের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হবে এবং পণ্যগুলোর জন্য একটি মানদণ্ডভিত্তিক মূল্য নির্ধারণের পথ তৈরি হবে।

তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে বিনিয়োগকারীদের যথাযথ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী মার্কেট মেকার গড়ে তোলা, ব্রোকারদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের ওপর।

ডেরিভেটিভস বাজারের বিকাশ একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য্য , সতর্কতা এবং দূরদর্শিতা।

এই নতুন বাজারের টেকসই উন্নয়ন ও সফলতা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, আগত সম্মানিত অতিথিদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য প্রদান করেন।

সমাপনি বক্তব্য তিনি বলেন, তিনি জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক পণ্যমূল্যের ওঠানামার কারণে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি একটি কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, বাজারের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততার ক্ষেত্রে অর্জিত অগ্রগতির কথা তুলে ধরেন।

তিনি আন্তর্জাতিক বক্তাদের এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতি তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এছাড়া, সিএসই ও ডিজিসিএক্স-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত দুবাই গোল্ড এন্ড কমোডিটিস এক্সচেঞ্জ (ডিজিসিএক্স)-এর ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা নাগেন্দ্রকুমার   এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি- এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএমএ, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন। 

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হলো।

বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কমোডিটি ডেরিভেটিভস বাজারের অভিজ্ঞতা ও সাফল্যের আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ, বাজার উন্নয়ন এবং আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের বিষয়ে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

আরও পড়ুন