এভিয়েশন খাতের উন্নয়নে আইসিএও ও থাইল্যান্ডের সঙ্গে বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন, নিরাপত্তা জোরদার ও দক্ষ জনবল তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে আইসিএও ও থাইল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সপ্তম এয়ার ট্রান্সপোর্ট সম্মেলনের সাইডলাইনে এসব বৈঠক হয়। মন্ত্রী আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সংস্থাটির সহযোগিতা চান মন্ত্রী। এ জন্য বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বিমান নিরাপত্তা জোরদার, এভিয়েশন বিষয়ে উচ্চশিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা চান।
তোশিউকি ওনুমা বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতির প্রশংসা করেন। এ খাতের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ জানান তিনি। বিমান চলাচলে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
বৈঠকে মন্ত্রী ১৩ বছরেরও বেশি সময় পর এ ধরনের বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। এ সময় তাঁকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান মন্ত্রী।
অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এতে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) কারিগরি সহযোগিতার অনুরোধ জানান মন্ত্রী। তিনি বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রমে থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহযোগিতা চান। এ সহযোগিতা বিমান চলাচলের নিরাপত্তা ও নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের কারিগরি সক্ষমতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও এসব বৈঠক আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দেশের এভিয়েশন খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নেবে।
