শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে চায় সরকার: জোনায়েদ সাকি
ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত
অর্থনৈতিক নানা চাপের মধ্যেও শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়া থেকে সরকার পিছিয়ে যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী, প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই বর্তমান সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন করা স্বাভাবিক। দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির অবনতিতেও অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জোনায়েদ সাকি বলেন, শ্রমিক ও মালিকপক্ষ আলোচনার মাধ্যমে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরবে। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, শিল্প-কলকারখানার বিকাশে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের অধিকার রক্ষায় অতীতেও তিনি তাঁদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।
কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
