EN ☀️
×

Follow Us

অর্থনীতি

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
অ অ

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ধরনের জামানত ছাড়াই গ্রাহকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ ও ই-ওয়ালেট ব্যবহার করে ঘরে বসেই এ ঋণের আবেদন ও অর্থ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত এমএফএস অ্যাপ ও ই-ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঋণের জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চ ১২ মাস মেয়াদি এ ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, এ কর্মসূচির আওতায় ঋণ বিতরণের জন্য তফসিলি ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন তহবিল সরবরাহ করবে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালায় সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ শ্রেণির গ্রাহকদের ঋণপ্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্রাধিকারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশে নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার এবং প্রান্তিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতেই স্কিমটি যুগোপযোগী করা হয়েছে। একই সঙ্গে পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন