EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬৫ কারখানা বন্ধ

পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছিলেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬৫ কারখানা বন্ধ

ছবি: সংগৃহীত

অ অ

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে মোট ৬৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক এবং গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গাজীপুরে আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারা, লে-অফ ও অন্যান্য কারণে অর্ধশতাধিক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ৩৬টি শ্রম আইনের ১৩(১) ধারায়, ১৪টি অনির্দিষ্টকালের জন্য এবং পাঁচটি মৌখিকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

তিনি আরও জানান, পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছিলেন। এর মধ্যে কয়েকটি কারখানায় আবার কাজ শুরু হয়েছে।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

এর ধারাবাহিকতায় রবিবার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধাঘণ্টা পর তারা সেখান থেকে সরে যান। কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিকদের অবস্থানের খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার ১৩টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকার পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।


গাজীপুরের প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটি ঘোষিত ১৮টি বাদে বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো সময় কারখানাগুলো খুলে দেওয়া হবে। শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন