ঢাকায় শেষ হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় প্রদর্শনী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী এসব প্রদর্শনী গত ১২ নভেম্বর শুরু হয়ে আজ (শনিবার) শেষ হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি উদ্যোক্তা, পেশাজীবী, বিনিয়োগকারী ও দর্শনার্থীরা অংশ নেন।
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এসব প্রদর্শনীর আয়োজন করে। এর মধ্যে ছিল ৩১তম বিল্ড সিরিজের আওতায় ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী ও ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬। এ ছাড়া ২৮তম পাওয়ার সিরিজের আওতায় অনুষ্ঠিত হয় ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬ এবং ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬। একই সময়ে অনুষ্ঠিত হয় ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।
নির্মাণ ও আবাসন খাতের প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, সরঞ্জাম, নির্মাণপ্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং উপকরণ, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি পণ্য প্রদর্শন করা হয়। আবাসন প্রতিষ্ঠানগুলোও তাদের বিভিন্ন প্রকল্প, পণ্য ও সেবা তুলে ধরে। এসব প্রদর্শনীর মাধ্যমে উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ তৈরি হয়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রদর্শনীতে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক লাইটিং প্রযুক্তির বিভিন্ন পণ্য ও সমাধান তুলে ধরা হয়। এর মধ্যে ছিল সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার, মাউন্টিং সিস্টেম, এলইডি ও স্মার্ট লাইটিং প্রযুক্তি।
অন্যদিকে, ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬-এ পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ, পানি বিতরণ ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের প্রযুক্তি প্রদর্শন করা হয়। এ আয়োজনে পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা তুলে ধরে।
এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। পাঁচ শতাধিক বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে। আয়োজকদের মতে, এসব প্রদর্শনী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সম্ভাব্য বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখে।
এদিকে, একই সময়ে ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হয় ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবাল যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। এতে স্থপতি, আবাসন খাতের উদ্যোক্তা, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তি, শিল্পপ্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন।
তিন দিনব্যাপী এ উৎসবে ছিল বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা, ডেল্টা অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও প্রশংসাপত্র পাওয়া প্রকল্পের উপস্থাপনা এবং ফোকাস গ্রুপ আলোচনা। এ ছাড়া বাংলাদেশের স্থাপত্যবিষয়ক বই ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থাপত্য প্রকল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর আইসিসিবির ২ নম্বর হলে অনুষ্ঠিত হয় ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৬-এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বাংলাদেশের স্থাপত্যশিল্পে উদ্ভাবনী, টেকসই ও প্রেক্ষাপট-সংশ্লিষ্ট ভবন নকশার উৎকর্ষকে স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবাল যৌথভাবে এ আয়োজন করছে। এর কৌশলগত অংশীদার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
গত ১২ নভেম্বর আইসিসিবির ৪ নম্বর হলে ছয়টি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
বিল্ড সিরিজে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, জুমলায়ন, এস. এস. লিমিটেড, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকস। এ ছাড়া শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) অংশগ্রহণে ছিল শ্রীলঙ্কা প্যাভিলিয়ন।
পাওয়ার সিরিজে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ওমেরা, হুয়াওয়ে, রহিম আফরোজ, সিমেন্স, পিডিএল, এসিআই, ওয়ালটন, ফকির টেকনোলজিস, ইউসিসি, আইকন সোলার, গ্রামীণ সোলার, ওরবেট গ্রিন ও ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং।
আয়োজক সম্পর্কে
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কভিত্তিক বহুজাতিক প্রদর্শনী ও কনভেনশন আয়োজক প্রতিষ্ঠান। চারটি মহাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৭৬২টির বেশি বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব আয়োজনে ৫৫ হাজার ৪৫৫টির বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং ১৯ লাখ ৫০ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থী অংশ নিয়েছেন।